বিএনপি ক্ষমতায় এলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে।
রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন আনতে হলে বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার বাস্তবায়ন জরুরি।
অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন অভিযোগ করেন, দেশীয় ও আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, একটি মহল স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করছে এবং দেশের গণতন্ত্রকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত।
ভারতের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ভারতের লোকসভায় শেখ হাসিনার প্রশংসা করে তাকে আবার ক্ষমতায় আনার চেষ্টা চলছে।
স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয়তাবাদের পতাকার অধীনে মানুষ একত্রিত হয়েছিল। বিএনপি শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন ধারা সৃষ্টি করে গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশের কঠিন সময়ে বিএনপির জন্মদিনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনকে ব্যাহত করার জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করছে।
এলএনডি/এমআর






