ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি : তারেক রহমান

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি বিএনপির গভীর শ্রদ্ধা রয়েছে। ভাষার বৈচিত্র্য ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা করা এবং তার উন্নয়ন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আশ্বাস দেন, ক্ষমতায় গেলে বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেবে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে—জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি এ প্রতিশ্রুতি বিএনপির অঙ্গীকার।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ স্বৈরশাসনের পর অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তারেক রহমানের নেতৃত্বে এমন বাংলাদেশ গড়ে উঠবে যেখানে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, “একটি উগ্রবাদী গোষ্ঠী নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে। আমাদের দায়িত্ব হবে জাতিকে ঐক্যবদ্ধ রাখা এবং অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়া, যেমনটি আমরা ১৯৭১ সালে স্বাধীনতার জন্য করেছিলাম।”

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগে। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামসহ বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, মানবাধিকারকর্মী হিরামন হেলেনা তারাং, রিপন চন্দ্র বানাই ও প্রশান্ত কুমার সিংহসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরাও বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে তরুণীরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে সমাবেশ উদ্বোধন করেন। পরে নারীদের মধ্যে ২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়। দেশের সমতল অঞ্চলের ১২টি জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এতে অংশ নেন এবং সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন