বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এক দফার আন্দোলনে অংশ নিয়ে বহুবার কারাগারে যেতে হয়েছে তাকে। হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও আন্দোলন থেকে কখনো পিছিয়ে আসেননি। তিনি বলেন, “আমরা যত প্রতিবাদ করেছি, ততবার গ্রেপ্তার হয়েছি। কিন্তু কখনো ভীত হইনি, কখনো হাসিনার কাছে মাথা নত করিনি।”
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, টানা ১৭ বছরের আন্দোলন সংগ্রামের কারণে জেলা বিএনপিকে সংগঠিত করা সম্ভব হয়নি। দায়িত্ব পাওয়ার পরও আন্দোলনের চাপে অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। লক্ষ্মীপুরের মাটিতে রক্ত ঝরেছে, তবুও কেউ পিছু হটেনি। বহুবার হামলা হয়েছে তার বাড়িতে ও সহকর্মীদের বাসায়। নানা সময় প্রশাসনের রক্তচক্ষু দেখালেও নেতাকর্মীরা সবসময় দৃঢ় অবস্থানে ছিলেন বলে উল্লেখ করেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতা।
প্রসঙ্গত, প্রায় ১২ বছর পর উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর পৌর বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০২২ সালের ২৯ অক্টোবর সম্মেলন ছাড়াই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
এলএনডি/এমআর






