আ. লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস : দুলু

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস সব সময় পালিয়ে যাওয়ার ইতিহাস।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুলু বলেন, “শেখ মুজিব যেমন বাংলাদেশ ত্যাগ করেছিলেন, তেমনি শেখ হাসিনাও দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। আওয়ামী লীগের ইতিহাস হলো পালিয়ে যাওয়ার ইতিহাস। আর বিএনপির ইতিহাস হচ্ছে সংগ্রাম ও যুদ্ধের ইতিহাস, যা আসলে বাংলাদেশের ইতিহাস।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার সময় যখন মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত, তখন আওয়ামী লীগের নেতৃত্ব আত্মসমর্পণ করেছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দিয়ে মুক্তিকামী মানুষকে যুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন। তার আহ্বানে সারাদেশের মানুষ যুদ্ধে অংশ নিয়ে নয় মাসের সম্মুখ লড়াইয়ের মাধ্যমে দেশ স্বাধীন করে।”

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে দুলু বলেন, “যে মা সন্তানকে ফেলে যায়, সে কখনো সুমাতা হতে পারে না। আবারও প্রমাণ হলো, আওয়ামী লীগের নেতৃত্ব জনগণকে ছেড়ে পালিয়ে গেছে।”

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করেছে এবং ইতিহাস বিকৃত করেছে। অপরদিকে বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়ে লড়াই করেছে এবং এখনো জনগণের পাশে রয়েছে।

আলোচনা সভার সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল সাত্তার। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হকসহ জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও পাঁচ উপজেলার স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের অন্তত ১০ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেলস্টেশন এলাকায় এসে শেষ হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন