জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, তাদের সংগঠন কোনো ধরনের আসন ভাগাভাগি বা সমঝোতার রাজনীতিতে জড়াবে না। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা বিক্রির জন্য রাজনীতিতে আসিনি, আসন দিয়ে আমাদের কেনা যাবে না। আমাদের একমাত্র লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া।”
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “আমরা বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগি করব না। জনগণের সামনে একটি বিকল্প শক্তি হয়ে উঠতে চাই। প্রশাসননির্ভর নির্বাচন বা রাতের ভোটের মতো প্রহসন আমরা আর দেখতে চাই না। আসন ভাগাভাগির ভিত্তিতে নির্বাচন হলে সেটি মধ্যরাতের ভোটের চেয়েও ভয়াবহ হতে পারে।”
তিনি নির্বাচন ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “রুলস অব গেমস পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসন এখন আম্পায়ারের ভূমিকা না নিয়ে খেলোয়াড় হতে চাইছে। এবার সেই নিয়ম বদলাতে হবে। রেফারি রেফারির জায়গায়, খেলোয়াড় খেলোয়াড়ের জায়গায় থাকবে। প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে।”
নির্বাচনের সময়কাল প্রসঙ্গে তিনি বলেন, নভেম্বর কিংবা ডিসেম্বর—যে সময়ই হোক, সেটি অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে।
মিডিয়ার ভূমিকা নিয়েও তিনি সমালোচনা করেন। তার অভিযোগ, মিডিয়ার একটি বড় অংশ এখন নির্দিষ্ট দলের কাছে বিক্রি হয়ে গেছে। এমনকি সচিবালয়ের অনেক কর্মকর্তা অফিস শেষে গুলশান বা পল্টনে গিয়ে ‘লাইন ধরেন’, যা জাতীয়তাবাদী রাজনীতির জন্য দুর্ভাগ্যজনক।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক নাসীরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্যসচিব জহুরুল ইসলাম, আরিফ সোহেল ও ফরিদুল হক।
এলএনডি/এমআর






