সংসদ নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করে তারা গণতন্ত্রের শত্রু, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, এ ধরনের বক্তব্য আসলে নির্বাচনকে বিলম্বিত বা বানচাল করার কৌশল মাত্র। কিন্তু দেশের মানুষ ঐক্যবদ্ধ, তারা গণতন্ত্র রক্ষায় এবং ভোটাধিকার প্রয়োগে অটল। গণতান্ত্রিক যাত্রাপথকে বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে।
শনিবার সকালে নয়া পল্টনে এক দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে যুবদলের উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সালাহ উদ্দিন আহমদ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়ার দিকনির্দেশনাতেই বিএনপি এগিয়ে যাচ্ছে। তিনি সবসময় আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়ে তুলে গণতন্ত্রের উত্তরণের পথ সহজ করার ওপর গুরুত্ব দিয়েছেন। সেই পরামর্শ অনুযায়ী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি। জাতিও সেই নির্বাচনের জন্য অপেক্ষমাণ। যেই গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, আহত হয়েছে, দীর্ঘ আন্দোলন করেছে—সেই গণতন্ত্র প্রতিষ্ঠাই এখন মূল লক্ষ্য।”
বিএনপির এই নেতা মনে করিয়ে দেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য তৈরি হয়েছে, তাকে আরও শক্তিশালী করতে হবে। ভবিষ্যতের পথে যেকোনো বাধা অতিক্রম করতে জনগণ দৃঢ়প্রতিজ্ঞ।
খালেদা জিয়াকে ‘আলোকবর্তিকা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চড়াই-উতরাই পেরিয়ে গণতন্ত্রের জন্য আজও তিনি সংগ্রাম করছেন। স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের রক্ষাকবচ হিসেবে তিনি বেঁচে আছেন। দেশবাসীর প্রার্থনা—তিনি দীর্ঘায়ু হোন।
দোয়া মাহফিলে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সঞ্চালনা করেন। এতে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবসহ রেজাউল কবির পল, বেলাল হোসেন তারেক, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, রবিউল ইসলাম নয়ন, সাজ্জাদুল মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এলএনডি/এমআর






