বিএনপির সহ-সভাপতি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “আওয়ামী লীগ মাঠ ছেড়ে গেছে, এখন এখানে একমাত্র শক্তিশালী দল হচ্ছে বিএনপি। জামায়াত একটি ছোট দল, বাকিগুলো আরও ছোট। তাই এবারের নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত।”
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কাকড়াবুনিয়া ও মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল ব্রজমোহন কলেজের সাবেক ভিপি জাফর ইমাম শিকদার। এছাড়া পটুয়াখালী জেলা বিএনপি নেতা মাকসুদ আহমেদ বাইজিদ পান্না ও লে. কর্নেল (অব.) আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশের বাইরে থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের প্রস্তুত করেছেন। অক্টোবর মাসেই দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপি এখন এতটাই শক্তিশালী যে, ৩০০ আসনের বিপরীতে মনোনয়নের জন্য ১ হাজার ৮০০ যোগ্য নেতা প্রস্তুত রয়েছেন।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ও তার দলের এমপি-মন্ত্রীরা এক বছর আগে দেশ ছেড়েছেন। তাদের সঙ্গে সংসদের স্পিকারও চলে গেছেন। কারণ তারা জনগণের প্রতি অন্যায় ও অবিচার করেছেন, ঘরবাড়ি দখল ও লুটপাটে জড়িত ছিলেন।
তিনি সতর্ক করে বলেন, বিএনপির ভেতরেও সুযোগসন্ধানী, চাঁদাবাজ ও দখলদার থাকতে পারে—তাদের চিহ্নিত রাখতে হবে। আওয়ামী লীগ গত ১৭ বছরে যে অন্যায় করেছে, তার বিচার এই মাটিতেই হবে।
এলএনডি/এমআর






