বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাকশালের বদলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। সামরিক স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন বেগম খালেদা জিয়া, আর ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান নতুন করে গণতন্ত্রের সূচনা করবেন।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান উল্লেখ করেন, যারা একবার ক্ষমতাচ্যুত হয়েছিলেন, তাদের ফের ক্ষমতায় আসতে দীর্ঘ সময় লেগেছে। মুসলিম লীগ আর ফিরে আসতে পারেনি, আওয়ামী লীগের সময় লেগেছিল ২১ বছর। কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি মাত্র ৯ বছরেই পুনরায় ক্ষমতায় আসে। এই সাফল্যের মূল কারিগর ছিলেন দেশনেত্রী খালেদা জিয়া।
তিনি আরও বলেন, সামরিক শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস তার হাত ধরেই রচিত হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর তার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়িয়েছিল।
এলএনডি/এমআর






