জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে এক শতাংশও ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) অনুষ্ঠিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ তিনি এ কথা বলেন। সম্মেলনের আয়োজন করে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’।
নাহিদ ইসলাম বলেন, “সারাদেশে জাতীয় যুবশক্তির সাড়া জেগেছে। জুলাই পদযাত্রার সময় আমরা তা প্রত্যক্ষ করেছি। দেশের প্রায় প্রতিটি জেলায় সংগঠকরা সহযোগিতা করেছেন এবং তরুণদের এতে যুক্ত করেছেন।”
তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার নানা প্রস্তুতি নেওয়া হলেও পরিস্থিতির সমীকরণ এখনো শেষ হয়নি। “গত এক বছরে আমরা ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি; কিন্তু জুলাই সনদে এক শতাংশও ছাড় দেওয়া হবে না। এর উদ্দেশ্য বাস্তবায়ন করেই আমরা নির্বাচনে অংশ নেব।”
নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, “ঐক্য ধরে রাখতে ব্যর্থ হলে আরেকটি ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। নির্বাচন চাই, তবে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। জুলাই সনদের প্রতিশ্রুতি পূরণ না হলে কোনও দল ক্ষমতায় যেতে পারবে না।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর তরুণদের মধ্যে যে উদ্দীপনা রয়েছে, তা কাজে লাগানোর দায়িত্ব আমাদের। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে।”
নাহিদ ইসলাম জানান, এনসিপি যেমন রাজপথ থেকে উঠে আসা দল, তেমনি যুবশক্তিও রাজপথে গড়ে ওঠা একটি শক্তি। “যুবশক্তি শুধু জাতীয় নাগরিক পার্টির নয়, দেশেরও ভ্যানগার্ড হবে। ক্ষমতাসীনরা যদি তরুণদের সঙ্গে প্রতারণা করে, তবে দেশের ভবিষ্যৎ বিপন্ন হবে।”
এলএনডি/এমআর






