পদত্যাগ করলেন এনসিপির আরও ৪ নেতা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটি থেকে একসঙ্গে পদত্যাগ করেছেন চারজন নেতা। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন—উপজেলার যুগ্ম সমন্বয়কারী শাকিল খান, সমন্বয় কমিটির সদস্য মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন ও কাজী রফিক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. রিয়াজ রহমান।

নেতারা জানান, তারা শিবচর উপজেলার কর্মী হিসেবে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন দেশের উন্নয়ন ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে। পরে সংগঠনটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে পরিচিতি পাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে দলে অন্তর্ভুক্ত হন। তারা কোনো রাজনৈতিক পরিবার থেকে না এলেও কোটা আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

তাদের ভাষ্যে, যদিও রাজনৈতিক অভিজ্ঞতা সীমিত ছিল, তবুও দেশপ্রেম ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই দলে যুক্ত হয়েছিলেন। কিন্তু দলের বর্তমান পরিস্থিতি ও পারিবারিক চাপে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর প্রয়োজনীয়তায় পারিবারিক সম্পর্কে টানাপোড়েনও দেখা দেয়।

তারা অভিযোগ করেন, শিবচর থানায় দলের দায়িত্ব কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে, যারা আদর্শ, নৈতিকতা ও সংগঠনের দিক থেকে অক্ষম। এর ফলে ত্যাগী ও নিষ্ঠাবান কর্মীরা অবমূল্যায়নের শিকার হচ্ছেন। তাদের বিশ্বাস, এ ধরনের নেতৃত্ব দিয়ে শিবচরের উন্নয়ন সম্ভব নয়।

দীর্ঘ ভাবনা-চিন্তার পর তারা স্বেচ্ছায় এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং বর্তমানে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নেই বলে জানান। নিজেদের কোনো অনিচ্ছাকৃত ভুলের জন্য তারা সবার কাছে ক্ষমা চান এবং শিবচরবাসীর প্রতিও দুঃখ প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটি থেকেও এ ইউ মাসুদ (আরফান উদ্দিন) নামে এক নেতা পদত্যাগ করেন। শুক্রবার (৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তিনি এ সিদ্ধান্ত জানান।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন