বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা এখন নির্বাচনী সড়কে প্রবেশ করেছি। দেশের মানুষ ধানের শীষের জন্য অপেক্ষা করছে।’
বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে আয়োজিত বিজয় শোভাযাত্রার পূর্ব সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এ আয়োজন করে।
আমীর খসরু বলেন, ‘আজকের সমাবেশ ও মিছিল প্রমাণ করেছে—জনগণ ধানের শীষের পক্ষে, জাতীয়তাবাদী শক্তির পক্ষে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ দেখতে চায়।’
তিনি আরও বলেন, ‘আজ থেকে আমাদের শপথ নিতে হবে—নিজ নিজ এলাকায় গিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। বিএনপি যে কর্মসূচি ও রূপরেখা দিয়েছে, তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে—যাতে দেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে আসে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী আবারও জনগণকে উপেক্ষা করে নিজেদের মতো করে দেশ পরিচালনার চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ কখনোই এই আচরণ মেনে নেবে না।
চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, হারুন অর রশীদ, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম এবং কেন্দ্রীয় সদস্য হুম্মাম কাদের চৌধুরী প্রমুখ।
বিজয় শোভাযাত্রাটি নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড়, লালদীঘি, বকশির হাট, আন্দরকিল্লা ও চেরাগি মোড় অতিক্রম করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। তবে শহরের কেন্দ্রস্থলে আয়োজন হওয়ায় দুপুরের পর আশপাশের এলাকায় যানজট দেখা দেয়, ফলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
এলএনডি/এমআর





