জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল রোববার (৩ আগস্ট) ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেওয়া হবে। শনিবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
নাহিদ ইসলাম জানান, দেশের বিভিন্ন এলাকায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির মাধ্যমে তারা নাগরিকদের মতামত সংগ্রহ করেছেন এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আগামী দিনের রাষ্ট্রগঠনের রূপরেখা তৈরি করা হয়েছে।
তিনি বলেন, “গত বছর ৩ আগস্ট শহীদ মিনার থেকেই আমরা সরকার পতনের দাবি তুলেছিলাম। সেই ধারাবাহিকতায় এবার জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্রচিন্তার রূপরেখা উপস্থাপন করব।”
এ সময় তিনি আরও বলেন, “চলমান রাজনৈতিক সংস্কার কেবল পরবর্তী সংসদের হাতে তুলে না দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই তা বাস্তবায়নের দাবি জানাই।”
এই কর্মসূচিকে এনসিপি রাষ্ট্রচিন্তার নতুন ধাপ হিসেবে দেখছে, যার মাধ্যমে তারা নিজেদের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা আরও স্পষ্টভাবে তুলে ধরতে চায়
নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই সনদের খসড়া তারা ইতিমধ্যে জমা দিয়েছে এবং অন্তর্বর্তী সরকারও তাদের নিজস্ব খসড়া তৈরি করছে। তবে তিনি জোর দিয়ে বলেন, “জুলাই সনদের অবশ্যই একটি আইনি ভিত্তি থাকতে হবে। আমরা চাই, সরকার ৫ আগস্টের মধ্যে এটি ঘোষণা করুক।”
তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশন এখনো সনদের বাস্তবায়ন প্রক্রিয়া পরিষ্কার করেনি। আমরা চাই না এই সংস্কার শুধু ভবিষ্যতের সংসদের ওপর নির্ভর করুক, বরং অন্তর্বর্তী সরকারের মেয়াদ থেকেই তা কার্যকর করতে হবে।”
তরুণদের প্রত্যাশা নিয়ে নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানে তরুণদের যে আশা ছিল, তা এখনো পূরণ হয়নি। আগামীকাল আমরা তরুণদের কর্মসংস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করব।”
তিনি ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “একই দিনে কর্মসূচি থাকলেও শহীদ মিনারে আমাদের জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের জন্য ছাত্রদলকে ধন্যবাদ। রাজধানীতে যানজটের কারণে যদি কোনো ভোগান্তি হয়, এনসিপির পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করছি।”
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus






