পিআর চায় যারা, তারা নিজেরাই জানে না পিআর কী : মির্জা ফখরুল

Liberty News Desk
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আনুপাতিক নির্বাচন (পিআর) কী, তা সাধারণ মানুষ বোঝে না। আর যারা এটি নিয়ে কথা বলেন, তারাও বিষয়টি বুঝে না। দেশে এখন একটি জগাখিচুড়ি পরিস্থিতি চলছে।”

শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বর্তমান সময়ে জাতি এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা এমন এক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার প্রত্যাশা করছি, যা জনগণের কল্যাণে কার্যকর হবে।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ শুধু শাসন করেনি, রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরকে ধ্বংস করেছে। বিচার বিভাগ, আইনশৃঙ্খলা, স্বাস্থ্য ও শিক্ষা খাত—সবখানেই নৈরাজ্য তৈরি করেছে। সেই সঙ্গে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর কাঠামোও তারা নষ্ট করেছে।”

বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু ব্যক্তি স্বার্থ নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”

তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া ২০১৬ সালে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছিলেন, যার মধ্য দিয়ে রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করা হয়। আর ২০২২ সালে তারেক রহমান ৩১ দফা সংস্কার কর্মসূচি দেন, যা রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে আমূল পরিবর্তন আনতে সক্ষম।”

তিনি বলেন, “আপনি চাইলেই কাল থেকে পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করে দেবে—এটা বাস্তবসম্মত চিন্তা নয়। তবে এমন কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে দুর্নীতি কমে আসবে। আমলাতন্ত্র বর্তমানে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।”

মির্জা ফখরুল বলেন, “জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচিত প্রতিনিধি। তাই নির্বাচন দরকার। কিন্তু নির্বাচন বললেই বলা হয় বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায়। অথচ, প্রতিনিধি ছাড়া গণতন্ত্র কায়েম হয় না। সুষ্ঠু নির্বাচন ছাড়া জনগণের ইচ্ছার প্রতিফলনও সম্ভব নয়।”

“আজকাল পত্রপত্রিকায় যেসব নেতার দুর্নীতির খবর আসে, সেগুলো বিএনপির নীতির সঙ্গে যায় না। এই খবরগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে যায় না।”

তিনি আরও বলেন, “যারা বিএনপির রাজনীতি করবেন, যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন, তাদের অবশ্যই আগে নিজের সততা নিশ্চিত করতে হবে। দলের ভেতরে আত্মশুদ্ধির প্রক্রিয়া চালু করাও এখন সময়ের দাবি।”

মির্জা ফখরুলের মতে, বিএনপিকে শুধু আন্দোলনের রাজনীতিই নয়, নৈতিক ভিত্তির ওপরও সংগঠন হিসেবে আরও শক্তিশালী হতে হবে।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন