নির্বাচনের অভাবেই সৃষ্ট হচ্ছে বিশৃঙ্খলা: ফখরুল

Liberty News Desk
ফাইল ছবি

নির্বাচন হচ্ছে না বলেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। কারণ, এই সরকারের পেছনে সেরকম জনসমর্থন নেই। নির্বাচিত সরকার আসলে তা নিঃসন্দেহে শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১২ জুলাই) গুলশান-২ এ হোটেল লেকশোরে জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনোদিনই অন্যায়কে সমর্থন করে না। সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে অন্তর্বর্তী সরকারকে জাতি ক্ষমা করবে না। এ সময় অভ্যুত্থানে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসনে সরকার পুরোপুরি ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তি পেলেও আমরা এখনো গণতান্ত্রিক অবস্থায় ফিরতে পারিনি। গত ১৫ বছর ধরে দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য লড়াই করে আসছে। এর কোনো বিকল্প নেই। মধ্যবর্তী বা অন্তর্বর্তী সরকার দিয়ে নির্বাচিত সরকারের বিকল্প তৈরি করা যাবে না। এজন্যই দ্রুত নির্বাচন চাচ্ছে বিএনপি।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে তার প্রয়োজনীয়তা ২০১৬ সালেই খালেদা জিয়া অনুভব করেছিলেন। সংস্কার নিয়ে বিএনপি ভিশন ২০৩১ দিয়েছিল। এছাড়া, রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দেওয়া হয়েছে। এসময় দলটি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন