গত ১১ মাসে ঘটেছে ১১ হাজার মিটফোর্ডের মতো ঘটনা: নুর

Liberty News Desk
ফাইল ছবি

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে খুনের মতো অপরাধ সারাদেশে গত ১১ মাসে ১১ হাজার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শনিবার (১১ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই বিপ্লব গণসমাবেশে’ তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘মিটফোর্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পাঁচ আগস্টের পরে গত ১১ মাসে সারাদেশে এরকম অন্তত ১১ হাজারের মতো ঘটনা ঘটেছে।

মিটফোর্ডের ঘটনা ছিল নির্মম, মর্মান্তিক, পত্রপত্রিকায়-মিডিয়ায় এসেছে, এজন্য সারাদেশের মানুষের নজরেও এসেছে, মানুষ প্রতিবাদ করছে, যার কারণে এটি আলোচনায় এসেছে। কিন্তু জেলা-উপজেলায়, গ্রামে-গঞ্জে এরকম আরও যেসব ঘটনা ঘটছে, সেগুলো এভাবে মিডিয়ায় আসছে না।’

‘গণমাধ্যমের কর্মী বন্ধুদের বলতে চাই, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিকের নাগরিক মর্যাদা ও নিরাপত্তা থাকবে। সেজন্য আপনাদের দায়িত্বশীল ভূমিকা লাগবে। কিন্তু আপনারা যদি আবারও শেখ হাসিনার মতো দলদাসের ভূমিকায় থাকেন, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদের জন্ম হবে।’

আওয়ামী লীগের মতো বিএনপিও দেশে হত্যার রাজত্ব কায়েম করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘পাঁচ আগস্টের পর বিএনপি নিজ দলের কর্মীসহ সহস্রাধিক মানুষকে হত্যা করেছে। ক্ষমতায় আসার আগেই তারা চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। যদি বিএনপি তাদের এ ধরনের আচরণ বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে দেশ আরও ভয়াবহ পরিস্থিতির মধ্য পড়বে, যা আওয়ামী লীগের শাসনকালকেও ছাপিয়ে যেতে পারে।’

কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জুলাই বিপ্লব কোনো হঠাৎ ঘটনা নয়। এটি কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা একটি গণজাগরণ। এর মাধ্যমেই দেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে।’

গণসমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. এমদাদুল হাসান।

এলএনডি/এমআর

For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন