ইশরাকের নগর ভবন দখল ‘আইনের প্রতি অবমাননা’ : আসিফ মাহমুদ

Liberty News Desk
ছবি সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়রের শপথ পড়ানো ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১৬ জুন) ডিএসসিসির নগর ভবন তালাবদ্ধ করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার আর কোনো আইনি সুযোগ এই মূহুর্তে নেই।

উপদেষ্টা আরও বলেন, ডিএসসিসি মেয়রের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ না থাকলেও ইশরাক হোসেন ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে রেখেছেন, যা দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটাচ্ছে। তিনি এই ঘটনাকে দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর বলে অভিহিত করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন নেতার কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ নগরবাসী কখনো প্রত্যাশা করে না।” তিনি জানান, অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় ৩০-৪০ শতাংশ নাগরিক সেবা হ্রাস পেয়েছে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের অফিসাররা ওয়াসা অফিসে বসে সিটি করপোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যাতে নাগরিক সেবা বাধাগ্রস্ত না হয়। উপদেষ্টা বলেন, “ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীজনদের থেকে সরকার আরও দায়িত্বশীল এবং পরিপক্ব আচরণ প্রত্যাশা করে।”

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

শেয়ার করুন