আপডেট : পুলিশের অ্যাকশনে ছত্রভঙ্গ হিজবুত-তাহরিরের কর্মসূচি, একাধিক কর্মী গ্রেফতার।
রাজধানীর পুরানা পল্টন এলাকায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া এই মিছিলে পুলিশের বাধা উপেক্ষা করে হাজারো সমর্থক অংশ নেন। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, এতে বেশ কয়েকজনকে আটক করা হয়।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ডাকা ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুমার নামাজ শেষে সংগঠনটির কয়েক হাজার সমর্থক বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।
আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দিলেও তারা তা উপেক্ষা করে এগিয়ে যান। বিজয়নগরের পানির পাম্প মোড় অতিক্রম করে পল্টনের দিকে যেতে থাকলে পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এরপরও মিছিলটি পল্টন ময়দানে পৌঁছালে পুলিশ তিনটি সাউন্ড গ্রেনেড ছোড়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষই পল্টন ময়দানে মুখোমুখি অবস্থানে ছিল। জানা গেছে, তুরস্কে খিলাফত পতনের ১০১ বছর পূর্তির প্রেক্ষাপটে হিযবুত তাহরীর এই কর্মসূচির ডাক দিয়েছিল।
এলএনডি/বিজি






