জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
গত ২৩ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। পরে শুনানির জন্য ২ মার্চ দিন ধার্য করে আদালত। তবে দুদকের আবেদনে শুনানি পিছিয়ে ৩ মার্চ ধার্য করে আদালত।
এর আগে ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট।
২০১৮ সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি অপর তিন আসামিকেও একই মেয়াদে কারাদণ্ড দেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা ও ট্রাস্টের নামে কেনা কাকরাইলে ৪২ কাঠা জমি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নেওয়ারও আদেশ দেয়া হয়। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া।
এলএনডি/ এসএইচ






