অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক যোগাযোগ স্বাভাবিক রয়েছে এবং রাজনৈতিক সম্পর্ককে আরও স্বাভাবিক পর্যায়ে আনতে সরকার উদ্যোগ নিচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খুব একটা খারাপ অবস্থায় আছে—এমনটি নয়। তবে সরকার চায়, এই সম্পর্ক যেন কোনোভাবেই অস্বাভাবিক পর্যায়ে না পৌঁছায়।
তিনি আরও জানান, প্রতিবেশী দেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে প্রধান উপদেষ্টাও সক্রিয়ভাবে কাজ করছেন। বাংলাদেশের লক্ষ্য হলো—কোনো প্রতিবেশীর সঙ্গেই তিক্ততা নয়, বরং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা।
এলএনডি/এমআর






