ভোট যত ঘনিয়ে আসবে ভয়-সংশয় তত কেটে যাবে : সিইসি

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার মতে, নির্বাচনের দিন যত কাছাকাছি আসবে, ততই মানুষের ভয় ও অনিশ্চয়তা কমে যাবে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি বিদেশে পাঠানোর জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থাপনার সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

সিইসি বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং বন্দিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা হয়েছে। স্বাধীনতার ৫৪ বছরে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য এই ভোটব্যবস্থা চালু করা হচ্ছে। পোস্টাল ব্যালটের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

ভোটের পরিবেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলসহ দেশের সব পক্ষই নির্বাচন চায় এবং দেশের কল্যাণ প্রত্যাশা করে। ভোটের দিন যত এগিয়ে আসবে, ততই আতঙ্ক কেটে যাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

নাসির উদ্দিন আরও বলেন, বাংলাদেশের পোস্টাল ব্যালট ব্যবস্থা আন্তর্জাতিক অঙ্গনেও একটি উদাহরণ হিসেবে বিবেচিত হবে। প্রথমবার হওয়ায় কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে কমিশন এই ব্যবস্থায় সন্তুষ্ট। ভবিষ্যতে এটি আরও সম্প্রসারিত ও উন্নত করা হবে।

পোস্টাল ব্যালট ব্যবস্থার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রতিটি সমস্যার সমাধান করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ এবারের নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে এবং এ কার্যক্রমও সেই ভোট উৎসবেরই অংশ।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন