আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঘোষিত তফশিলে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) কমিশনের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সংশোধিত তফশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময়সীমা দুই দিন কমানো হয়েছে। আগে নির্ধারিত ৫ থেকে ১১ জানুয়ারির পরিবর্তে এখন আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।
অন্যদিকে আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। পূর্বে ১২ থেকে ১৮ জানুয়ারি নির্ধারিত থাকলেও নতুন করে সময় নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
এদিকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এখনও ১০ দিন সময় হাতে রয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন।
এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা করেন। পরবর্তীতে ১৮ ডিসেম্বর সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে আংশিক সংশোধন আনে নির্বাচন কমিশন।
এলএনডি/এমআর






