রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ময়নাতদন্ত শেষ হয়। পরে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে হাদির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ছিল। মরদেহ বহনের সময় তার স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরাও উপস্থিত ছিলেন। ভোর থেকেই তাকে শেষবারের মতো দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ হাসপাতাল এলাকায় জড়ো হন। ময়নাতদন্ত শেষে মরদেহ গোসল করিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর তা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে, যেখানে জানাজা অনুষ্ঠিত হবে।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানকার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মারা যান। তার মরদেহ শুক্রবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এলএনডি/এমআর






