চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা, আটক ১২

Liberty News Desk

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে ঘিরে চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টা চালিয়েছে একদল বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত একজন আন্দোলনকারী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রাম নগরের একটি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।

সিএমপি কমিশনার জানান, ঘটনার সময় সহকারী হাইকমিশনার নিজ বাসভবনে অবস্থান করছিলেন। বিক্ষোভকারীরা বাসভবন লক্ষ্য করে ইট ও পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১২ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার।

পুলিশ সূত্র জানায়, শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত প্রায় ১০টা থেকেই একদল মানুষ সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে জড়ো হতে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তারা উত্তেজিত হয়ে সহিংস আচরণের চেষ্টা করে।

বিক্ষোভকারীরা হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বিচার এবং জুলাই গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টদের, বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির শীর্ষ নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান।

ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন