সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের। মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে ভিড় করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করার পর জাতীয় স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা একে একে ফুলের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। ব্যানার ও ফেস্টুন হাতে মানুষের ঢল নামায় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী।
এর আগে দিনের প্রথম প্রহরে সকাল ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ৬টা ৫৭ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন।
এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা, কূটনীতিকসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে আজ সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস উদযাপন করছে জাতি। সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান দিনটি উপলক্ষে আলাদা কর্মসূচি গ্রহণ করেছে।
এলএনডি/এমআর






