হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি

Liberty News Desk
ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের ‘বিচ্ছিন্ন ঘটনা’ মন্তব্য ঘিরে যে সমালোচনা তৈরি হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন সকালে রাজধানীতে আইএফইএস আয়োজিত একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি যে বক্তব্য দেন, তার একটি অংশ আলাদা করে তুলে ধরে কিছু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে—যা বিভ্রান্তির সৃষ্টি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনাকে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এরই অংশ হিসেবে রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে কমিশন জরুরি বৈঠক করে। ওই বৈঠকে সিইসি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এছাড়া কমিশন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছে।

ইসির ব্যাখ্যায় আরও বলা হয়, সিইসির বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল—এই ধরনের সন্ত্রাসী হামলা আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না—এ বিষয়টি স্পষ্ট করা। একই সঙ্গে কমিশন শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করেছে এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়, এই ব্যাখ্যার মাধ্যমে সিইসির বক্তব্য নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন