আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।
রোববার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন কমিশনারদের পাশাপাশি ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), আনসার ও ভিডিপি মহাপরিচালকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো উদ্বেগ নেই। আইন-শৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে।
তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের মতো চোরাগুপ্তা হামলা যাতে পুনরায় না ঘটে, সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতি একে অপরের বিরুদ্ধে দোষারোপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন কমিশনের দুটি স্থানে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। ‘ডেভিল হান্ট’ অভিযানে আটক ব্যক্তিরা পরবর্তীতে জামিনে মুক্তি পাচ্ছেন—এ বিষয়টি নিয়েও সভায় আলোচনা হয়েছে।
তিনি জানান, সাম্প্রতিক চোরাগুপ্তা হামলাগুলো কোনো বৃহত্তর ষড়যন্ত্রের অংশ কি না, সে বিষয়েও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। যারা নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এলএনডি/এমআর






