ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল আজ ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে তফসিল প্রকাশ করবেন।
বুধবার বিকেল চারটার দিকে সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারের জন্য রেকর্ড করা হয়। তার আগে দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনে প্রস্তাবিত তারিখসহ বিভিন্ন প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হালনাগাদ ভোটার তালিকা, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন অবস্থা, গণভোট আয়োজনের প্রক্রিয়া, ব্যালটের রঙসহ নানা দিক রাষ্ট্রপতিকে উপস্থাপন করা হয়েছে।
ইসি সচিব আরও বলেন, ভোট আয়োজনের সময়সীমা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে এবং রাষ্ট্রপতি এতে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি প্রবাসী ভোটের সুযোগ, ইসির সার্বিক প্রস্তুতি এবং সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পরিকল্পনা সম্পর্কেও রাষ্ট্রপতিকে ব্রিফ করা হয়েছে।
এলএনডি/এমআর






