ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন। তারা হলেন তথ্যবিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) তারা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজের সিদ্ধান্ত জানিয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুর তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে, যেখানে তিনি নিজের পদ ছাড়ার ঘোষণা দিতে পারেন।
এর আগে মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টার বৈঠকে এই পদত্যাগ প্রসঙ্গটি আলোচনা হয়। বৈঠকে উপস্থিত অধিকাংশই মত দেন যে নির্বাচনের তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টার পদে থাকা যথোপযুক্ত নয়।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের দুই দিন পর, ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবেই এই দুই ছাত্র নেতা উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হন।
এলএনডি/এমআর






