পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না

Liberty News Desk
ফাইল ছবি

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, উপদেষ্টা পরিষদের কেউ দায়িত্বে থাকাকালীন আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়া তো দূরের কথা—ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আসন বিন্যাস, আইন অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রজ্ঞাপনসহ প্রায় ২০টির মতো পরিপত্র প্রস্তুত রয়েছে। এর মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা, ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সেল গঠনের বিষয়গুলো অন্তর্ভুক্ত। তফসিল ঘোষণার পর এসব নির্দেশনা পর্যায়ক্রমে জারি করা হবে।

আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী সরকারি পদে থেকে কেউ প্রচারণায় অংশ নিতে পারবেন না। সেক্ষেত্রে প্রার্থী হওয়াও সম্ভব নয়।

অন্যদিকে, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, কমিশনের সব প্রস্তুতি শেষ। তফসিল ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দীনের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে, যেখানে তিনি আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার আগে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ইসির নয়। তফসিল ঘোষণার পর থেকেই সব পক্ষের জন্য সমান সুযোগ তৈরির দায়িত্ব কমিশনের ওপর বর্তাবে। চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা প্রয়োজন হলে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে। রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন