গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে জার্মানি থেকে ভাড়া করা একটি এয়ার অ্যাম্বুলেন্স আগামী মঙ্গলবার ঢাকায় আসার জন্য সময়সূচি চেয়েছে।
শনিবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, জার্মান এয়ারলাইন্স এফএআই এভিয়েশন গ্রুপ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় নামার এবং পরদিন (১০ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে উড্ডয়নের অনুমতি চাইেছে।
বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে প্রায় দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন হলেও তিনি চিকিৎসা নিতে পারছেন। তবে এখনো বিমানভ্রমণের উপযোগী হয়ে উঠেননি—এ কারণে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। চিকিৎসকরা আশা করছেন, শিগগিরই তিনি আকাশপথে যাত্রার উপযোগী হবেন।
এর আগে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে শুক্রবার ভোরে লন্ডন নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু কারিগরি সমস্যার কারণে সেই উড়োজাহাজ ঢাকায় আসতে পারেনি। এরপর বিকল্প হিসেবে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে নতুন এয়ার অ্যাম্বুলেন্স আনার উদ্যোগ নেওয়া হয়।
ঢাকায় কাতার দূতাবাস জানিয়েছে, নুরেমবার্গভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার (সিএল-৬০) সিরিজের দুই ইঞ্জিনের জেটটি এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হবে। এতে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব সুবিধা রয়েছে—ভেন্টিলেটর, মনিটরিং সিস্টেম, ইনফিউশন পাম্প, অক্সিজেন সাপোর্টসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম। পাশাপাশি থাকবেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও প্যারামেডিকস, যারা আকাশপথে গুরুতর রোগীর সেবা প্রদানে অভিজ্ঞ।
এলএনডি/এমআর






