খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টার দিকে তার গাড়িবহর হাসপাতালের প্রধান গেটে প্রবেশ করে। তিনি প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করে বিএনপি নেত্রীর চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

হাসপাতালে পৌঁছানোর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এরপর তারা তাকে সঙ্গে নিয়ে চতুর্থ তলার সিসিইউতে যান। সেখানে তিনি পরিবারের সদস্য ও দলীয় নেতাদের ধৈর্য ধরার আহ্বান জানান।

চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে জানান যে যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্সসহ যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান।

হাসপাতাল পরিদর্শনের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও তার সঙ্গে ছিলেন। প্রধান উপদেষ্টার আগমনে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং এসএসএফ, পিজিআর, বিজিবি ও পুলিশ সদস্যরা বাড়তি দায়িত্ব পালন করেন। প্রধান ফটক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়।

এর আগে গত মঙ্গলবার রাতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা এবং একই রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন