প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, গৃহহীন হয়ে পড়া মানুষের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।
মঙ্গলবার মধ্যরাতে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “কড়াইল বস্তির আগুনে বহু পরিবার বিপর্যস্ত হয়েছে—এটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করবে।”
তিনি আরও জানান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুততর করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন তিনি।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে তেজগাঁও এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে বহু ঘর পুড়ে যায় এবং অনেক পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে।
এলএনডি/এমআর






