৩২ ঘণ্টায় চার ভূমিকম্পে আতঙ্কিত ঢাকা, বড় বিপর্যয়ের আশঙ্কা

Liberty News Desk
সংগৃহীত ছবি

গত শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর ৩২ ঘণ্টারও কম সময়ে আরও তিনবার কেঁপে উঠেছে দেশ। শনিবার সকালে একবার এবং সন্ধ্যায় পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়। ধারাবাহিক এই কম্পনে রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বাসা ছেড়ে বাইরে অবস্থান নিয়েছেন, কেউ কেউ আবার গ্রামে যাওয়ার কথাও ভাবছেন।

শুক্রবারের ভূমিকম্প সারাদেশে অনুভূত হয়, এতে ১১ জন নিহত ও পাঁচ শতাধিক মানুষ আহত হন। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজধানীর অন্তত ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এসব ভূমিকম্প ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের ইঙ্গিত দিতে পারে। তাদের আশঙ্কা, ঢাকার আশপাশে ৭ মাত্রার ভূমিকম্প হলে শহরের অন্তত ৩৫ শতাংশ ভবন ধসে পড়তে পারে এবং প্রাণহানি হতে পারে ৩ থেকে ৪ লাখ মানুষের।

শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৩.৭ মাত্রার ভূমিকম্প হয়। মাত্র এক সেকেন্ড পর আরেকটি কম্পন রেকর্ড হয়, যার মাত্রা ছিল ৪.৩। আবহাওয়া দপ্তর এ দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা এলাকা বললেও, ইউএসজিএস জানিয়েছে এর কেন্দ্র ছিল নরসিংদীর পশ্চিম পাশে। এর আগে সকালে নরসিংদীর পলাশ এলাকায় ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিত নির্মাণ ও ঘনবসতিপূর্ণ ঢাকা শহর বড় মাত্রার ভূমিকম্পের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে। মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, আন্ডারপাস, ওভারপাসসহ ঢাকার বৃহৎ অবকাঠামো ভেঙে গেলে উদ্ধারকাজ হবে অত্যন্ত কঠিন।

রাজউকের তথ্য অনুযায়ী, রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনের সঠিক তালিকা নেই। কয়েক বছর আগে চিহ্নিত করা ৪২টি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। শনিবার পুরান ঢাকা পরিদর্শনে গিয়ে রাজউক চেয়ারম্যান বলেন, অনেক ভবনই নকশা দেখাতে পারছে না এবং এগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ঢাকা শহরের পুরনো ভবন, সরু রাস্তা ও দুর্বল অবকাঠামো যেকোনো দুর্যোগে বড় বিপদের কারণ হতে পারে। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জানিয়েছে, শুক্রবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল পর্যালোচনায় একটি টিম কাজ করছে এবং শিগগিরই মূল্যায়ন প্রতিবেদন দেওয়া হবে।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিস জানিয়েছে, ছোট যন্ত্রপাতি, প্রশিক্ষিত জনবল ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় তারা প্রস্তুত রয়েছে। তবে বড় দুর্যোগের ক্ষেত্রে ঢাকায় চলাচলের পথ বন্ধ হয়ে গেলে বড় বাধার মুখে পড়তে হতে পারে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন