সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনটিকে ঘিরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, তিন বাহিনী প্রধানদের সৌজন্য সাক্ষাৎসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।
আইএসপিআর থেকে জানানো হয়, দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় তিনি ১০১ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন।
দিনের শুরুতে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে দেশের শান্তি–সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এলএনডি/এমআর






