জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।
সোমবার রাতে জাতিসংঘের মানবাধিকার দফতরের মুখপাত্র রাভিনা শামদাসানি এক বিবৃতিতে বলেন, যেকোনো অবস্থাতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে জাতিসংঘ, এবং এই রায় তাদের সেই অবস্থানকে পুনর্ব্যক্ত করেছে।
তিনি জানান, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেওয়া রায়টি গত বছরের বিক্ষোভ দমনে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়।
রাভিনা শামদাসানি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের তথ্যভিত্তিক প্রতিবেদনের পর থেকে তারা বারবার নেতৃত্বের স্থানে থাকা দায়ীদের আন্তর্জাতিক মান অনুযায়ী জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে আসছেন। পাশাপাশি ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিচারপ্রক্রিয়া উপস্থিতিতে হয়নি বলেই প্রক্রিয়ার মান আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেছে কি না—তা নিশ্চিত হওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ অনুপস্থিতিতে বিচার শেষে মৃত্যুদণ্ড ঘোষণা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আশা প্রকাশ করেছেন—বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করে একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় পুনর্মিলনের দিকে এগোবে। এর অংশ হিসেবে নিরাপত্তা খাতের আন্তর্জাতিক মানসম্মত সংস্কার জরুরি, যাতে ভবিষ্যতে এমন লঙ্ঘন আর না ঘটে।
জাতিসংঘ জানায়, এসব প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করতে তারা প্রস্তুত। পাশাপাশি সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন হাইকমিশনার।
এলএনডি/এমআর






