আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “খুব দ্রুতই নির্বাচন সামনে চলে আসবে। এই নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। কমিশন চায় যেন সকল রাজনৈতিক দল সমান পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।”
রোববার (১৬ নভেম্বর) সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় দিনের সংলাপের শুরুতে তিনি এ মন্তব্য করেন। এসময় সিইসি দলগুলোর উদ্দেশে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান।
সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে গণফোরামসহ মোট ছয়টি দলের সঙ্গে সংলাপ শুরু হয়। অন্যান্য দলগুলো হলো—গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি।
এছাড়া দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় দফায় বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। বর্তমানে ইসিতে বিএনপি, জামায়াতসহ মোট ৫৩টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে।
এলএনডি/এমআর






