প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন, “আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও চালিয়ে দেশের জাতীয় নির্বাচন বানচালের অপচেষ্টা করছে।”
মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ফ্যাসিবাদী এ রাজনৈতিক দলটি যেভাবে দেশে নাশকতা চালাচ্ছে, তাতে প্রমাণ হয়—তাদের রাজনীতি আসলে সন্ত্রাস নির্ভর। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি কোনো শক্তিই এ নির্বাচন ঠেকাতে পারবে না।”
শফিকুল আলম আরও বলেন, “রাজনীতিতে মতপার্থক্য থাকা স্বাভাবিক। আমরা বিষয়টি ইতিবাচকভাবে নিচ্ছি। ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নয় মাসের আলোচনায় একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঐতিহাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কিছু বিষয়ে মতবিরোধ থাকলেও শিগগিরই সমঝোতা হবে বলে আশা করছি।”
তিনি যোগ করেন, “সব দলই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতভেদ থাকলেও সবাই একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন দেখতে চায়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এলএনডি/এমআর






