তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

Liberty News Desk
ফাইল ছবি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আসছে ২০ নভেম্বর (বৃহস্পতিবার) রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের তারিখ নির্ধারণ করেন।

গত ৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের চূড়ান্ত শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তার আগে বিএনপির পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এরও আগে জামায়াতে ইসলামীর পক্ষে বক্তব্য দেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অপরদিকে পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া।

১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করা হয়। তবে এ ব্যবস্থার বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট দাখিল করেন।

পরে ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন।

এর ধারাবাহিকতায় জাতীয় সংসদে ২০১১ সালের ৩০ জুন পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন, যেখানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। একই বছরের ৩ জুলাই গেজেটে প্রকাশিত হয় সংশোধনীটি।

এ রায়ের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক এবং একজন ব্যক্তি। আপিল বিভাগের বেঞ্চ গত ২৭ আগস্ট এসব আবেদন ‘লিভ টু আপিল’ হিসেবে গ্রহণ করে, এবং ২১ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করে।

অন্যদিকে, গত ১৭ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রায় দিয়ে সংবিধানের ২০ ও ২১ ধারা (তত্ত্বাবধায়ক বিলোপসংক্রান্ত) অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন