নির্বাচন কমিশন (ইসি) ৬৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে। পাশাপাশি আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানাতে ১৫ কার্যদিবসের সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল ইসি। পরবর্তীতে দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৬৬ সংস্থাকে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৩ সালে কাজী হাবিবুল আউয়াল কমিশন ৯৬টি সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দিয়েছিল। তবে চলতি বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশন নতুন নীতিমালা প্রণয়ন করে পুরনো নিবন্ধন বাতিল করে পুনরায় আবেদন আহ্বান করে।
ইসির ব্যাখ্যা অনুযায়ী, ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ অনুযায়ী পূর্ববর্তী নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী যোগ্য সংস্থাগুলোর কাছ থেকে পর্যবেক্ষক নিবন্ধনের আবেদন আহ্বান করা হয়।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ও সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে আবেদন ফরম (EO-1) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকেই ইসি পর্যবেক্ষক নিবন্ধন প্রথা চালু করে। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। পরবর্তী নির্বাচনে এই সংখ্যা পরিবর্তিত হয়—২০১৪ সালে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন, ২০১৮ সালে ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন, আর ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ৮০টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন।
এলএনডি/এমআর






