ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হওয়া আলোচনা শেষ পর্যন্ত স্থগিত হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ঢাকায় আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তার। শুধু রাজধানী নয়, তার সফরসূচিতে ঢাকার বাইরেও কয়েকটি স্থানে যাওয়ার পরিকল্পনা ছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, জাকির নায়েক বাংলাদেশে এলে ব্যাপক জনসমাগম হওয়ার আশঙ্কা ছিল। এমন পরিস্থিতি সামাল দিতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করতে হতো। কিন্তু বর্তমানে নির্বাচনপূর্ব সময়ে প্রয়োজনীয় জনবল সেখানে পাঠানো সম্ভব নয়।
গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা।
এলএনডি/এমআর






