বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে একটি নৌকার প্রতিকৃতি উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি।
শনিবার (১ নভেম্বর) আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার প্রদান করা হয়। উপহারটি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
রোববার নিজের ফেসবুক পেজে একটি পোস্টে ঘটনাটি ব্যাখ্যা করেন উপদেষ্টা ফাওজুল কবির খান। সেখানে তিনি উল্লেখ করেন, “গতকাল সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নে আমি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নিই। সেখানে কূটনৈতিক সৌজন্য হিসেবে আমাকে একটি পালতোলা মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। উপহারটির ওপর আলজেরিয়া দূতাবাসের নামও লেখা রয়েছে।”
তিনি স্পষ্ট করেন, “এ উপহারটির সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’-এর কোনো সম্পর্ক নেই।”
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, “এখন আমি চাইলে উপহারটি আলজেরিয়া দূতাবাসে ফেরত দিতে পারি—কিন্তু সেটি কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে অসৌজন্যমূলক হতে পারে। আবার সরকারি তোশাখানায় জমা দিতে পারি, যদিও এটি খুব মূল্যবান কিছু নয়। চাইলে শৈলান প্রবীণ নিবাসে দিতে পারি, অথবা নিজের কাছেও রাখতে পারি। পাঠকেরা কী পরামর্শ দেন, জানতে আগ্রহী।”
উল্লেখ্য, শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আলজেরিয়া দূতাবাস ১৯৫৪ সালের ঐতিহাসিক বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাওজুল কবির খান। এ সময় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি তাকে উপহারটি প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এলএনডি/এমআর






