ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে ইতোমধ্যে নির্বাচনী পরিবেশ গড়ে উঠতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। যত বাধা-বিপত্তিই আসুক না কেন, আগামী ফেব্রুয়ারি মাসেই উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
খালিদ হোসেন বলেন, “ঘোলা পানিতে মাছ শিকারের জন্য কিছু গোষ্ঠী সবসময় সক্রিয় থাকে। তারা বারবার অযৌক্তিক দাবি তুলে সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চায় এবং সরকারকে বিব্রত করতে চায়। এসব বিষয়ে নির্বাচন কমিশন সতর্কভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে নানা দাবি-দাওয়া ও আন্দোলন স্বাভাবিক বিষয়। আমরা যথাসাধ্য চেষ্টা করছি এসব দাবি বাস্তবায়নের। তবে নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, এবং জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এলএনডি/এমআর






