১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ প্রধান উপদেষ্টার

Liberty News Desk
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

এর আগে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় নির্বাচন প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রেস সচিব জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন কর্মকর্তা পদায়ন শুরু হবে। তবে এবারের নির্বাচনে পূর্ববর্তী তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের রাখা হবে না।

তিনি আরও জানান, নির্বাচনের সময় সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপপ্রচার, মিথ্যা তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সতর্ক থাকতে এবং দ্রুত প্রতিক্রিয়া জানাতে একটি বিশেষ পর্যবেক্ষণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে শফিকুল আলম বলেন, “নির্বাচন ব্যাহত করার জন্য দেশের ভেতর-বাইরের নানা শক্তি সক্রিয় থাকতে পারে। বড় ধরনের অপতৎপরতা বা আকস্মিক হামলার আশঙ্কা রয়েছে। এই নির্বাচন হবে চ্যালেঞ্জপূর্ণ। তবে যেকোনো ঝুঁকি মোকাবিলা করে নির্বাচনের আয়োজন সফল করতে হবে।”

আইনশৃঙ্খলা বাহিনীকে সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে জানান তিনি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন