বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ বর্তমানে (১৩.৯° উত্তর অক্ষাংশ ও ৮৩.৫° পূর্ব দ্রাঘিমাংশে) অবস্থান করছে।
গত সোমবার (২৭ অক্টোবর) মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,২৬০ কিলোমিটার, মোংলা থেকে ১,১৬৫ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ১,১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা বা রাতের মধ্যে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছাতে পারে।
বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশের সাগর এলাকাগুলো অত্যন্ত উত্তাল হয়ে উঠেছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।
এলএনডি/এমআর






