সরকারি সিদ্ধান্তে মাত্র ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা খালি প্লেট হাতে “ভুখামিছিল” শুরু করেছেন। এতে অংশ নেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো শিক্ষক ও কর্মচারী।
রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা খালি থালা–বাসন হাতে নিয়ে শিক্ষা ভবনের দিকে মিছিল শুরু করেন। বিকেল পৌনে ৪টার দিকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশ মিছিলটি থামিয়ে দেয়।
এ সময় অংশগ্রহণকারীরা স্লোগান দেন— ‘হয় তো দাবি মানো, নয়তো গুলি ছোড়ো’, ‘৫ শতাংশের প্রজ্ঞাপন, মানি না মানব না’, ‘প্রহসনের প্রজ্ঞাপন, প্রত্যাখ্যান করি’, ‘সি আর আবরার, আর নয় দরকার’।
মিছিল শুরুর আগে শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, “সরকার যে ৫ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন দিয়েছে, আমরা তা প্রত্যাখ্যান করছি। এটা আমাদের আন্দোলনের প্রাথমিক জয় হলেও চূড়ান্ত লক্ষ্য জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
ভুখামিছিলটি দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের কারণে কিছুটা দেরিতে শুরু হয় বলে জানান আজিজী।
প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা হাইকোর্ট মোড়ে অবস্থান করছেন, যেখানে পুলিশ মোতায়েন রয়েছে দুটি জলকামান ও একটি সাঁজোয়া যানসহ।
এর আগে আজই (রবিবার) বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ন্যূনতম ২ হাজার টাকা বা ৫ শতাংশ বাড়িভাড়া দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
উল্লেখ্য, ১২ অক্টোবর প্রেস ক্লাবের সামনে কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনা ঘটে। এর পরদিন থেকে শিক্ষকরা সারা দেশে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।
এলএনডি/এমআর






