ক্ষোভ ও বিক্ষোভের মুখে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধনের ঘোষণা দেওয়া হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, “জুলাই বীর যোদ্ধাদের সঙ্গে আলোচনার ফলাফল এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করা হয়েছে। এতে জুলাই বীর যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটেছে।”
আগের পঞ্চম দফায় বলা ছিল— “গণ-অভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, শহীদ পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করব।”
সংশোধিত দফায় যুক্ত করা হয়েছে নতুন কিছু বিষয়। এখন এতে বলা হয়েছে— “গণ-অভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে, শহীদ পরিবার ও আহত জুলাই বীর যোদ্ধাদের রাষ্ট্রীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তাদের জন্য মাসিক ভাতা, চিকিৎসা, পুনর্বাসন, আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
এলএনডি/এমআর






