আগামী ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এর আগে এটি ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, “জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক মুহূর্ত। যাতে বেশি সংখ্যক নাগরিক অংশ নিতে পারেন, তাই অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর আগে কমিশনের পক্ষ থেকে ১৫ অক্টোবর বুধবার বিকেলে সনদ স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়েছিল।
বৈঠকে আরও জানানো হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি, পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরাও অংশ নেবেন।
সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এলএনডি/এমআর






