বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমসহ কয়েকজনকে বহনকারী একটি উড়োজাহাজ ইসরায়েল থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেছে। তুরস্কের এক সূত্র জানিয়েছে, টিকে-৬৯২১ ফ্লাইটটি স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে ইস্তানবুলে পৌঁছানোর কথা।
আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসরায়েলের কারাগার থেকে শহিদুল আলমের মুক্তিতে সহযোগিতা করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এর আগে প্রেস উইং জানায়, তুরস্কের সহায়তায় শহিদুল আলমের মুক্তির প্রক্রিয়া চলমান ছিল এবং আজই তাকে বিশেষ বিমানে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছিল তুরস্ক কর্তৃপক্ষ।
আঙ্কারায় বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেন।
শহিদুল আলমকে ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা আটক করার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে তার মুক্তির উদ্যোগ নেয়। দূতাবাসগুলো জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করতে তারা সক্রিয়ভাবে কাজ করছে।
এলএনডি/এমআর






