জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, খুব শিগগিরই কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেওয়া হবে।
রোববার (৫ অক্টোবর) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্য জানান তিনি।
প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে জুলাই সনদের মূল বিষয়বস্তু, তার বাস্তবায়ন প্রক্রিয়া এবং বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে আলোচনা হয়। বৈঠকে কমিশনের অবস্থান ও এ পর্যন্ত গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সদস্যদের ধন্যবাদ জানান। তিনি কমিশনের চূড়ান্ত অগ্রগতির প্রতিবেদন দ্রুততম সময়ে জমা দেওয়ার নির্দেশ দেন।
অধ্যাপক আলী রীয়াজ জানান, কমিশন দেশের সব রাজনৈতিক দলের কাছ থেকে উল্লেখযোগ্য সহযোগিতা পেয়েছে এবং গণমাধ্যমগুলোর সহায়তাও ছিল প্রত্যাশার চেয়েও বেশি।
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এ ছাড়া, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে অংশ নেন।
এলএনডি/এমআর






