গাজাবাসীর জন্য মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে আন্তর্জাতিক জলসীমায় আটক করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকার মতে, ইসরায়েলি দখলদার বাহিনীর এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহারের ন্যক্কারজনক উদাহরণ।
শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মানবিক সহায়তা ও শান্তির বার্তা বহনকারী এই জাহাজে হামলা ও আটক আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের পরিপন্থী।
বাংলাদেশ সরকার অবিলম্বে আটক মানবাধিকারকর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলকে অবশ্যই গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে এবং গাজায় চলমান মানবিক অবরোধ ও গণহত্যা বন্ধ করতে হবে।
বাংলাদেশ সরকার উল্লেখ করেছে, গাজামুখী এই ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। তাই ইসরায়েলের উচিত গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করা, যেখানে সাধারণ মানুষ এখনও জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের সরকার ও জনগণ এই কঠিন সময়ে ফিলিস্তিনি জনগণের পাশে আছে এবং তাদের ন্যায্য অধিকারের সংগ্রামে অবিচল সংহতি জানাচ্ছে।
এলএনডি/এমআর






